
চাঁদপুর সদর উপজেলার ৭৭ নং পশ্চিম সাপদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগমের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের ওপর অমানবিক আচরণ, অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
সহকারী শিক্ষকরা জানিয়েছেন, তারা তার অধীনে চাকরি করা অসম্ভব মনে করছেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক মাসুদা বেগম নিয়মিত সহকর্মীদের সঙ্গে রাগান্বিত আচরণ, ভয়ভীতি প্রদর্শন, তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ কথা বলা ও শিক্ষার্থীদের সামনে সহকারী শিক্ষকদের অপমান করে থাকেন। এতে শিক্ষকরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
শিক্ষকরা অভিযোগে আরও উল্লেখ করেন, প্রধান শিক্ষক গোপনে শিক্ষকদের ছবি ধারণ করে সাংবাদিকদের মাধ্যমে হেনস্তা করেন। তিনি সহকর্মীদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশোভন মন্তব্য করেন— যেমন অসুস্থতা বা পারিবারিক সমস্যা হলে তা ‘আল্লাহর গজব’ বলে অভিহিত করেন। এমনকি সন্তান নিতে হলে তার অনুমতি নিতে হবে বলেও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা ৬৭ জন, অথচ মাসিক রিটার্নে ১০৭ জন দেখানো হয়। এর ফলে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রধান শিক্ষকের আচরণের কারণে এলাকাবাসী সন্তানদের পাশের বিদ্যালয় বা কিন্ডারগার্টেনে পাঠাতে বাধ্য হচ্ছেন।
সহকারী শিক্ষকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের পড়ানো বিষয় নিয়ে প্রশ্ন করেন, যাতে শিক্ষকরা বিব্রত হন। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে মিথ্যা কথা বলিয়ে শিক্ষকদের হেয় করার চেষ্টা করেন, যা শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম ব্যাহত করছে।
অভিযোগকারী শিক্ষকরা বলেন,“আমরা আর তার অধীনে এক মুহূর্তও থাকতে চাই না। আমরা ভয় ও মানসিক চাপে আছি। আমাদের অন্য বিদ্যালয়ে বদলি করা হোক।”
ঘটনার এক পর্যায়ে, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ সকালে বিদ্যালয়ে পৌঁছানোর পর প্রধান শিক্ষকের অকথ্য ভাষায় গালিগালাজে দুইজন সহকারী শিক্ষিকা কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে একজন ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার হন, যেখানে পরীক্ষায় জানা যায়, শিক্ষক জান্নাতুল নাঈম স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে।
ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছয়জন অভিযোগকারী শিক্ষকের মধ্যে তিনজনকে সাময়িক ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে বদলি করেন। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকাকেও প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশে ডেপুটেশনে পাঠানো হয়।
এদিকে অভিযোগ তোলার পর বিদ্যালয়ে থাকা দুইজন সহকারী শিক্ষককে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তারা অভিযোগ প্রত্যাহার না করায় অত্যাচারের মাত্রা আরও বেড়েছে।
সহকারী শিক্ষকরা বলেন,“প্রধান শিক্ষক মিথ্যা কথা বলে, কান্নাকাটি করে অফিসারদের ম্যানেজ করেন। এমনকি অপ্রাসঙ্গিক ব্যক্তিদের দিয়ে সাক্ষী তৈরি করেন। তিনি নিয়মনীতি মানেন না; নিজের তৈরি আইন চালু করে সহকারীদের দমন করেন।”
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।
এখন শিক্ষক সমাজ ও এলাকাবাসীর নজর রয়েছে— অভিযোগ তদন্তে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়।



