
স্টাফ রিপোর্টার : চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে পচা ইলিশ পাওয়ায় একজন আড়তদারকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে বড়স্টেশন মাছঘাটে এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫-এর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় নদীসহ সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে জেলেদের আহরিত ইলিশসহ বিভিন্ন মাছ পুনরায় আসা শুরু হয়। ফলে চাঁদপুর মাছ ঘাট কর্মচঞ্চল হয়ে উঠে। চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দক্ষিণ অঞ্চল থেকে আসা তাজা ইলিশের পাশাপাশি নরম ও পচা ইলিশ সরবরাহের খবর পেয়ে এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
এ সময় মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে পচা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। নোনা ইলিশ প্রস্তুতকারী ব্যবসায়ীদের কাছে গেলে এর সত্যতা পাই। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মেসার্স মানিক মৎস্য আড়তে পচা ইলিশের স্তূপ দেখা যায়, যা খাওয়ার উপযুক্ত নয়। পচা মাছ বিক্রির দায়ে আড়ত পরিচালনাকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কিছু মাছ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা ভবিষ্যতে এমন মাছ বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেছেন।
জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জানান, কিছু মাছ পরিবহনের সময় চাপের কারণে নরম হয়ে যায়। তবে এই বাজারে তাজা ইলিশই বেশি। স্থানীয় সূত্রে জানা যায়, এবারও মা ইলিশের নিষেধাজ্ঞার সময়ে উপকূলীয় অঞ্চলের ফিশিং বোট জেলেরা বিপুল পরিমাণ ইলিশ নিধন করেছে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এখন সেই মাছ চাঁদপুরসহ বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। গত সোম ও মঙ্গলবার দু দিনে চাঁদপুর মাছঘাটে ১২ থেকে ১৮টি ইলিশ বোঝাই সাগরের ফিশিং বোট এসেছে। সেই মাছের কিছু অংশ পচে যায়। ঘাটের বড়ো বড়ো আড়তদারদের আড়তে নিষেধাজ্ঞার সময়ে ধরা পচা মাছ বিক্রি হয়েছে।



