
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের বাবুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আপন ভাইদের হাতে অপর ভাই জাকির মাল ও তার মেয়ে জান্নাত আক্তার গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫খ্রি.) গুরুতর আহত হয়েছে। জানা গেছে, মাল বাড়ির জাকির মালের উপর অতর্কিত হামলা চালায় তাঁর ৫ ভাই।
তারা হলেন : শাহ আলম মাল, শাহাদাত মাল, জাবেদ মাল এবং বাবুল মাল। ঘটনার সময় জাকির মালের মেয়ে জান্নাত আক্তার বাবাকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। জাকির মাল জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তিনি ভাইদের অন্যায় দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলার শিকার হন।
কিছুদিন আগে তিনি একেবারে মাসুদ মাল গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন, যা পরবর্তীতে উঠিয়ে নেওয়া হলে ভাইরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাঁর স্বামীর পিতা মৃত আশেক আলী মালের সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায় ওই ৫ ভাই। এমনকি এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করেও তাঁদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল জাকির মালকে প্রাণে মেরে ফেলা।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও বাধা দেওয়া হয়। পরে বাজার কমিটির কয়েকজন সদস্যের সহায়তায় তাঁদের হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়। বর্তমানে জাকির মাল ও তাঁর মেয়ে চিকিৎসাধীন। পরিবারের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এলাকাবাসীও ঘটনার ন্যায়বিচার চেয়েছেন।



