শাহরাস্তির টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ফারুক দর্জিকে অপসারণ

মো:শওকত করিম : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম ও জনসেবা ব্যাহত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে তাকে অপসারণ করা হয়। তার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে জারিকৃত চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, “আমি এ উপজেলায় যোগদানের পর থেকে একদিনের জন্যও তাকে কর্মস্থলে পাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি উপজেলা পরিষদের তিনটি সভায়ও অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়েছে।”

উল্লেখ্য, ওমর ফারুক দর্জি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরপর দুইবার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসক শাহজাহানের দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম ও নাগরিক সেবা পুনরায় সচল হবে।

সম্পর্কিত খবর