যৌথ বাহিনীর পৃথক অভিযানে চাঁদপুরে তালিকাভুক্ত ৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন লেফটেন্যান্ট জাবিদ হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিঠু (১৮), রবিন (২০), রানা (২১) এবং অনিক (১৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট থেকে ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরেক যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার রাজাপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবু মুসা (৪৩) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, নগদ ১২ হাজার ১১৫ টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার রাগৈ এলাকা থেকে মাদকসহ বিপ্লব (৪৩) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার ষোলঘর ওয়াটার পাম্প এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং জিদান (১৬), কাইয়ুম মৃধা মিরাজ (১৭) এবং ফারদিন (১৭) কে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থাগ্রহণের জন্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর