
চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরের শহরের একমাত্র সংবাদপত্র এজেন্ট ‘পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির’ ম্যানেজার কানু রাউত ২০ অক্টোবর সোমবার সকাল ৮ টা ১৫ মিনিটে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরলোকগমন করেছেন।
পত্রিকার এজেন্টের পরিচালক জসীম মেহেদী জানান, প্রতিদিনের ন্যায় এদিন ভোরেও কানু মামা তার কর্মস্থল কোর্ট স্টেশনস্থ পত্রিকা এজেন্টে আসেন।
হকারদের মাঝে সকাল বেলা পত্রিকা বুঝিয়ে দেয়া অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে অন্যদের সহযোগিতায়া কানু মামাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের চিকিৎসাধীনবস্থায় কানু মামা মারা যান। পরে তার মরদেহ চাঁদপুর শহরের পুরান আদালত পাড়াস্থ বাসভবনে নিয়ে গেলে তার আত্মীয়-স্বজন এবং কর্মস্থলের দীর্ঘদিনের সহকর্মীদের আর্তনাদে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। দুপুর ১২টায় কানু রাউতের মরদেহ চাঁদপুর কালীবাড়ি মন্দিরে এনে রাখা হয়।
দুপুর ১:৩০ টায় চাঁদপুর পৌর মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। জসীম মেহেদী জানান, পাটোয়ারী নিউজ পেপার এজেন্ট মরহুম নূর নবী পাটোয়ারীর পিতা মরহুম তছলিম পাটোয়ারীর আমল থেকে দীর্ঘ ৩৫ বছর যাবত তিনি আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করে গেছেন। অত্যন্ত সৎ নিষ্ঠা ও আদর্শের সাথে তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। তার মৃত্যুতে আমাদের পত্রিকা এজেন্টের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
এদিকে কানু রাউতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাটোয়ারির নিউজ পেপার এজেন্ট এর পরিচালক জসীম মেহেদী ও শুভ পাটোয়ারী, চাঁদপুর সংবাদপত্র হকার সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক কবির ও সাংগঠনিক সম্পাদক জামাল পাটোয়ারীসহ সমিতির সকল নেতৃবৃন্দ। উল্লেখ্য, মৃত্যুকালে কানু রাউত ১ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।



