
মহসিন হোসাইন: বাবা নেই, সংসারের একমাত্র উপার্জন মাধ্যম টিউশনি। সেই টিউশনির টাকায় নিজের পড়াশোনার খরচ চালিয়ে, সংসার সামলে চাঁদপুর সদর উপজেলার সুমাইয়া আক্তার শাম্মী এবার চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।
দারিদ্র্য, একাকিত্ব, সংসারের দায়িত্ব—সব কিছুর মধ্যেও থেমে থাকেনি তার স্বপ্নপূরণের যাত্রা। সুমাইয়া আক্তার শাম্মী চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের দক্ষিণ হামানকর্দ্দি গ্রামের বাসিন্দা। তার পিতা আমির হোসেন বেপারী ২০২০ সালে এক সিএনজি দুর্ঘটনায় মারা যান।
এর আগে তিনি গার্মেন্টসে ফ্লোর ইনচার্জ হিসেবে কাজ করতেন। বাবার মৃত্যুর পর থেকেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শাম্মী। দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা টিউশনি করে তিনি একদিকে সংসার ও অন্যদিকে নিজের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন।
এত অল্প বয়সে সংসারের ছোট মেয়ে হয়েও বাবার দায়িত্ব বহন করে নিজের অধ্যবসায়ে আজ জিপিএ-৫ পাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শাম্মী বলেন, টিউশনি করে, এতিম হয়েও নিজের সাথে যুদ্ধ করেছি। আজকের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আমার জীবনের বড় অর্জন। আমার সবচেয়ে বড় স্বপ্ন—আমার মাকে সুখে রাখা। সে আরও জানায়, প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা উপার্জন করেন। সেই টাকায় নিজের পড়াশোনা ও সংসারের প্রয়োজন মেটায়। বাবার মৃত্যুর পর নানা বাড়ি থেকেও কিছু সহযোগিতা পায় সে।
বর্তমানে ১৫ জন শিক্ষার্থীকে পড়ান শাম্মী। শাম্মীর মা মিসেস রিক্তা বেগম বলেন, আমার মেয়ে যথেষ্ট পরিশ্রমী। সে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসারে আমাকে সহায়তা করে। আমি সবসময় তার জন্য দোয়া করি। দুই বোনের মধ্যে শাম্মী ছোট। বড় বোনের বিয়ে হয়েছে আগেই।
শাম্মী ক্লাস অষ্টম শ্রেণী থেকেই টিউশনি শুরু করেন। পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন এবং কুমিল্লা বোর্ড থেকে বৃত্তিও অর্জন করেছিলেন তিনি। এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেন একমাত্র শিক্ষার্থী শাম্মী। সে জানায়, রাত ৯টার পরই নিজের পড়াশোনা শুরু করতে হয়েছে তার।
দিনের বেলায় টিউশনি নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তার। কিন্তু এত কষ্টের মাঝেও কখনো লেখাপড়া থেকে মুখ ফিরিয়ে নেননি। তার সহপাঠী ও এলাকাবাসীরাও শাম্মীর সাফল্যে গর্বিত। তারা জানান, শাম্মী ছোটবেলা থেকেই মনোযোগী ছাত্রী।
এসএসসিতে জিপিএ-৫ ও বৃত্তি পাওয়ার পর থেকেই আমরা জানতাম, সে একদিন বড় কিছু করবে। এ বিষয়ে জিলানী চিশতী কলেজের আজীবন দাতা সদস্য ও জমিদাতা সাংবাদিক সোহেল রুশদী বলেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য শুনেছি। সে একজন মেধাবী ছাত্রী। সে টিউশনি করে পড়াশুনা করেছে, এটি খুবই প্রসংশনীয়।
সে নিজের পরিশ্রমে জিপিএ -৫পেয়েছে। আমরা প্রতিষ্ঠান থেকে তাকে সহযোগিতা করেছি৷ আমি দোয়া করি সে ভবিষ্যতে তার পরিশ্রম দিয়ে যেন ভালো কিছু করতে পারে। আমরা তার পাশে থাকবো ।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, চাঁদপুরে অনেক মেধাবী ও অসহায় শিক্ষার্থী রয়েছে, যারা সুমাইয়ার মতো পরিশ্রমী। আমরা এই ধরনের শিক্ষার্থীদের পাশে আছি এবং সবসময় সহায়তা করতে প্রস্তুত।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল হাসান বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে কাজ করি। শাম্মী টিউশনি করে নিজের পড়ার খরচ ও সংসার সামলেছে।
তার সাফল্যে আমরা সবাই গর্বিত। কলেজের গভর্নিং বডির দাতা সদস্য সোহেল রুশদীসহ আমাদের সকল শিক্ষকই তার পাশে ছিলেন। কলেজের ইংরেজি প্রভাষক মো: জহিরুল ইসলাম খান (মুরাদ) বলেন, শাম্মী একজন ডেডিকেটেড মেয়ে। তার বাবা না থাকলেও সে নিজের কঠোর পরিশ্রমে আজ এই সাফল্যের পথে এসেছে। আমরা তার জন্য দোয়া করি।
শাম্মী ভবিষ্যতে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে একজন আদর্শ শিক্ষক হতে চান। তিনি বলেন, আমি চাই দেশের একজন ভালো শিক্ষক হয়ে মানুষের সেবা করতে। আমি কারো উপর নির্ভর না থেকে আত্মনির্ভরশীল হতে চাই। আমার মা-ই আমার প্রেরণা।
তার এই সাফল্য প্রমাণ করে অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে কোনো প্রতিকূলতাই স্বপ্নের পথ রোধ করতে পারে না।



