
মো:শওকত করিম : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২৫ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিল “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Handwashing Hero)। রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে ও এডিবি-অর্থায়িত OAFD আইইউজিআইপি প্রকল্পের সহযোগিতায় র্যালিটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, পৌর প্রশাসক সহায়ক সদস্য ও যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, এবং আইইউজিআইপি প্রকল্পের পরামর্শক আরিফুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে।
অভিভাবকরাই এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিশুরা যদি এখন থেকেই নিয়মিতভাবে হাত ধোয়ার গুরুত্ব বুঝে নেয়, তাহলে তারা ভবিষ্যতে অনেক বড় ধরনের রোগ থেকে সুরক্ষিত থাকবে।” সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।



