
মো:শওকত করিম : “সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন বাস্তবায়ন, সামাজিক সুরক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিত করো”—এই দাবিকে সামনে রেখে চাঁদপুরে গণজমায়েত, লিফলেট বিতরণ, আলোচনা সভা ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর ২০২৫) খাদ্য অধিকার আন্দোলন, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পিএম বিল্লাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিকার আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন। সভায় বক্তব্য রাখেন ব্র্যাক রিজিওনাল ম্যানেজার মো. সেলিম মোল্লা,
আরসিডিএস নির্বাহী পরিচালক মুহাম্মদ সাদেক সফিউল্লাহ, স্কলার ওয়েলফেয়ার পরিচালক বিএম হাসান, সাংবাদিক ও লেখক রোটা. উজ্জ্বল হোসাইন, নারী নেত্রী নুরজাহান আক্তার, এবং শাহরাস্তি পরিবার উন্নয়নের আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই দ্রুত খাদ্য অধিকার আইন বাস্তবায়ন,
সামাজিক সুরক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, এবং ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের নিকট খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নানা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করা হয়।



