
মহসিন হোসাইন : চাঁদপুর জেলার ২০২৫ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল (১৬ অক্টোবর) বৃহস্পতিবার সারাদেশে এ ফল প্রকাশিত হয়। চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনটি ধারার পরীক্ষায় চাঁদপুর জেলার শিক্ষার্থীরা সামগ্রিকভাবে প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে।
এরমধ্যে এইচএসসি (সাধারণ) ফলাফল-২০২৫ অংশগ্রহণকারী মোট ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৩শত ৩১ জন।
এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯শত ৫৭ এবং প্রাপ্ত জিপিএ ফাইভ পেয়েছে ২শত ৭৬ জন। মোট পাশের হার ৪৮.৫৫ শতাংশ। এদিকে আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী জেলার মোট ৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২হাজার ৫০৬ জন পরীক্ষার্থী।
এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১হাজার ৭শত ৬০ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী। মোট পাশের হার ৭০.২৩%। এছাড়াও এইচএসসি ভোকেশনাল (কারিগরি) জেলায় মোট অংশগ্রহণকারী ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯শত ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, উত্তীর্ণ হয়েছে ৭৪৫ জন। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২৭ জন। মোট পাশের হার ৭৫.১০%।
জেলার এইচএসসি ফলাফল নিয়ে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ দৈনিক চাঁদপুর খবরকে জানান, জাতীয় পর্যায়ের ফলাফলের তুলনায় সন্তোষজনক না হলেও চাঁদপুরের ফলাফল ভালো হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কড়া নজরদারির ফলে সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন।
ফলে ফলাফলের কিছুটা প্রভাব পড়েছে। এছাড়াও বিগত দিনে করোণাকালীন শিখন পদ্ধতিতে কিছুটা ঘাটতি হওয়ায় এবছর এইচএসসির ফলাফলে তারও প্রভাব পড়েছে।
তিনি আরো জান, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে মোবাইল সহ সকল ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ২০২৬ এইচএসসি পরীক্ষায় পাশের হার সহ শিক্ষার মান অধিক বৃদ্ধি পাবে।



