
মহসিন হোসাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
সরকার দায়িত্ব গ্রহণের পর গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ করছে। জামায়াতে ইসলামী উল্লেখ করে, সরকার ইতোমধ্যেই জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ প্রস্ত করেছে। দলটি বরাবরই এই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।
এজন্য জামায়াতে ইসলামী সরকারে কাছে দুইটি প্রস্তাব জমা দিয়েছে, সংবিধান আদেশ জারি করে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া।নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন। তারা সতর্ক করে দেয়, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান না করলে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের ফসল ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি। এজন্য তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি জানায়, যাতে কালো টাকা, পেশিশক্তি ও ভোট কারচুপি রোধ করা যায় এবং দক্ষ আইনপ্রণেতা নির্বাচিত হতে পারেন। জামায়াতে ইসলামী অভিযোগ করে, পূর্ববর্তী সরকার বিভিন্ন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন, মামলা, গুম-খুন চালানো হয়েছে। তারা দাবি করে, জাতীয় পার্টি ও ১৪ দল এসব কর্মকাণ্ডে সহায়তা করেছে, তাই জনগণ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে।
স্মারকলিপিতে বলা হয়, জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ না নেওয়ায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি হলো, ১. আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার উপর গণভোট আয়োজন। ২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
স্মারকলিপিতে জামায়াতে ইসলামী জানায়, উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন একটি ন্যায়ভিত্তিক ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন, মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা শাখা। এসময় জেলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।



