৫ দফা দাবিতে চাঁদপুরে খেলাফত মজলিসের স্মারকলিপি পেশ

মহসিন হোসাইন: বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়ন, গণভোট আয়োজন ও জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি জমা দেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও জনগণের প্রত্যাশা পূরণের জন্য ঘোষিত জুলাই জাতীয় সনদ এখনো আইনগত ভিত্তি পায়নি। খেলাফত মজলিস মনে করে, এই সনদের আইনগত বৈধতা না দিলে অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এতে সংগঠনটি প্রস্তাব করেছে, জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা, নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিগত সরকারের সময় দেশে স্বৈরাচার, গুম-খুন, দমন-পীড়ন, এবং ভোটের প্রহসনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। তাই জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও তোলা হয় এতে। সংগঠনটির ৫ দফা দাবি হলো, ১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ ৩. নির্বাচনে প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ৫. জাতীয় সংসদে উচ্চকক্ষ (Upper House) গঠনে PR পদ্ধতি বাস্তবায়ন করা।

মাওলানা লিয়াকত হোসাইন বলেন, জনগণের আস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই ৫ দফা বাস্তবায়ন অপরিহার্য। এটি হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে এবং বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর