
শাহরাস্তি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, কোনো গুজবে কান দেবেন না, দলের সিদ্ধান্তের জন্যে অপেক্ষা করুন। আমরা সবাই দলের কর্মী, দল যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেবো। মনোনয়ন প্রত্যাশী অনেকেই থাকতে পারে, কিন্তু দল যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নীতিনির্ধারণী মহল নিবিড়ভাবে মনোনয়ন প্রত্যাশীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত এ মূল্যায়ন চলবে।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সময়টা আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, মাঠে থাকতে হবে। আমরা কারো অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যে কান দেবো না। তিনি বলেন, জনগণ আমাদের শক্তি ও ভরসার জায়গা। দল যখন যে সিদ্ধান্ত নেবে তা প্রকাশ্যেই নেবে। তিনি ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বাড়াতে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী,
ডা. মনির হোসেন, শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, ছাত্রনেতা শাহজাহান সম্রাট ও মোবারক হোসেন সোহেল। উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্য নেতৃবৃন্দ এ সভায় যোগদান করেন।



