ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের মহিলা সমাবেশ

মো:শওকত করিম : ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা-বোনরা। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও যেহেতু একজন নারী, তাই তিনি জানেন, এদেশের নারীদের ভাগ্যোন্নয়নে কী কী কাজ করতে হবে। কারণ দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান না থাকলে আমরা কখনোই এগুতে পারবো না।

আমাদের বৈদেশিক মুদ্রার অন্যতম আয়ের উৎস পোশাক রপ্তানির পেছনে লক্ষ লক্ষ মা-বোনেরা রয়েছেন। এখন গ্রামের নারীরাও প্রযুক্তির সহায়তা নিয়ে দেশের ও নিজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারলে অবশ্যই নারীদের উন্নয়নে বিশেষ করে তাদের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে বিশেষ পরিকল্পনা নেবে।

আপনারা যারা এখানে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ ও সমর্থক রয়েছেন, তাদের প্রতি আহ্বান, প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের বোঝান এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটদানের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, জেলা যুবদল সদস্য ফজলুর রহমান, সোহেল খান প্রমুখ।

সম্পর্কিত খবর