হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় রহস্য উদঘাটন, গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

ভয়ভীতি প্রদর্শন, চুরি ও চোরদের চিনে ফেলায় এ হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে বলে প্রেসব্রিফিং এ জানায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে হাজীগঞ্জের চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদ চৌধুরী, ডিআইও-১ মনিরুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ স্হানীয়, জাতীয় ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেনঃ মোঃ সোহাগ হোসেন প্রকাশ সোহাগ মুন্সি (২৯), মিজান প্রকাশ গোলাম আজম প্রকাশ মিজান হোসেন (৬৯), মাসুদ রানা (২৫), শ্যামল চন্দ্র শীল(২০), আলমাস(৩৫), নেছার আহম্মেদ(৩০), রাকিব হোসেন (২৩), রাশেদ প্রকাশ রাসেল (২৬) মাসুদ কামাল (৪৫) শাহ আলম প্রকাশ বাবুল (৪২)। ধৃত আসামীদের মধ্যে সোহাগ হোসেন – সোহাগ মুন্সি (২৯)ও মিজান – গোলাম আজম – মিজান হোসেন (৬৯) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় প্রদান করেছেন ও বর্তমানে তারা সকলে জেল হাজতে রয়েছেন।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, এ মামলায় আমরা এ পর্যন্ত ১০ জনকে আটক করতে সক্ষম হয়েছি।এর মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার মূল পরিকল্পনাকারীসহ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তবে পরিকল্পনাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। ভয়ভীতি প্রদর্শন, চুরি ও চোরদের চিনে ফেলায় এ হত্যাকান্ড ঘটানো হতে পারে । নাকি অন্য কারণ আছে তা আমরা খতিয়ে দেখছি, তবে প্রকৃত কারণটি উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের প্রত্যক্ষ দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনার পর হতে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত মামলার ঘটনায় জড়িত ১০ জন আসামীকে আটক করেছে। গত ২৩ সেপ্টেম্বর চুরি হওয়া ১টি পিতলের গ্লাস আসামী মিজানের বসত ঘরের শোকেস হতে মামলার তদন্তকারী অফিসার উদ্ধার পূর্বক জব্দ করে। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ৮ সেপ্টেম্বর রাত অনুমানিক ১ টার সময় আসামী নেসার ওরফে নাসির, মিজান কে নিয়ে বাবুলদের বাড়ীতে যায়। পরবর্তীতে বাবুল, মাসুদ, সোহাগ দুলাল সাহার কেয়ারটেকার উত্তম চন্দ্র বর্মণ ওরফে তুফান এবং তার স্ত্রীকে ভয় দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনামতে এসক্রাপ মাসুদ কাঁটার দিয়ে ঘরের পূর্ব পার্শ্বের জানালার গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে বাহিরে অবস্থানরত মিজান, রাকিব, নাসির , শ্যামল, আলমাস ঘরের ভিতর প্রবেশ করে পশ্চিম পাশের রুমে ভিকটিম উত্তম চন্দ্র বর্মণ তুফান এবং তার স্ত্রী কাজলী রাণী বর্মণকে টিভি দেখা অবস্থায় পেয়ে তাদের হাত পা বেঁধে ফেলে। আলমাস নেকড়া দিয়ে উত্তম চন্দ্র বর্মণ তুফানের মুখ চেপে ধরে এবং শ্যামল সহ ঘরের উত্তরের রুমে নিয়ে যায়। পরবর্তীতে রাকিব,

এসক্রাপ মাসুদ, আলমাস উত্তম চন্দ্র বর্মণ তুফানের স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৮) কে মুখ চাপা দিয়ে ধরে বসত ঘরের পূর্ব পার্শ্বের রুমে নিয়ে যায়। ঘরের ভিতরে থাকা রাকিব, শ্যামল, আলমাস, মাসুদ ভিকটিম উত্তম চন্দ্র বর্মণ তুফান (৬৮) এবং কাজলী রাণী বর্মণ (৫৮)কে তাদের পরনের কাপড় গলায় পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভিতরে থাকা ১টি সাদা বস্তা নিয়ে, ৩টি পিতলের প্লেট, ২টি পিতলের চামচ, ২টি পিতলের গ্লাস, ২টি পিতলের বাটি, পূজা করার ২টি পিতলের বাটি নিয়ে যায়।

নিহতদের মেয়ের অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ-০৮/০৯/২০২৩খ্রিঃ, ধারা-৪৬০/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড রুজু হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদিপ্ত রায়, হাজীগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) সহ হাজীগঞ্জ থানার একটি চৌকস দল মামলার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করে।

সম্পর্কিত খবর