
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় এক বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরের দল ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৯০ হাজার টাকা, ৩টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোন সময় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন বিমলেরগাঁও এলাকার মুজাম্মেল পাটওয়ারীর বসত ঘরে এ ঘটনা ঘটে।
ঘরের মালিকের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল ১১টার পরে মুজাম্মেল পাটওয়ারীর স্ত্রী পার্শ্ববর্তী এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে যান। এরপরদিন শনিবার সকাল ৯টায় ঘরে ঢুকে দেখেন এই চুরির ঘটনা। এতে স্টিলের আলমারি ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ, নগদ ৯০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কিচেন রুমের জানালার গ্রিল ভেঙ্গে বিল্ডিং এর ভিতরে ঢুকে এ কর্মকান্ড চালায় চোর চক্র। ভুক্তভোগী মুজাম্মেল পাটওয়ারী দীর্ঘদিন প্রবাসে থেকে বর্তমানে ঢাকায় একটি ব্যবসা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি। এদিকে উক্ত চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য কবির হোসেন রনি বলেন, আমি চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পরে শাহমাহমুদপুর গ্রাম পুলিশের দফাদার নুরুল ইসলামের মাধ্যমে চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি জানাই। এবং ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করলে অভিযোগের আলোকে এসআই কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।



