
সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুলে একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করার হয়। পরে আদালতে হাজির করলে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
পুলিশ জানায়, ঘটনার পর জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন রাশেদ ও তার ভাই রাকিব, আলমাছ, দিদার, মাসুদ, শ্যামল, হারেছ, আলামিন, ফয়সালসহ ৯ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তাদের গ্রামের বাড়ী পাশ্ববর্তী উত্তর রায়চোঁ, দক্ষিণ রায়চোঁ, উত্তর বড়কুল, টোরাগড় দক্ষিণ পাড়া এলাকায়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাদের কাছ থেকে খুনের ঘটনার কোনো তথ্য পায়নি পুলিশ।
ঘটনার ৫দিন অতিবাহিত হওয়ার পরও হত্যাকাণ্ডের মোটিব উদঘাটন কিংবা হত্যায় কে বা কারা অংশগ্রহণ করেছে সেই বিষয়ে স্পষ্ট না হওয়ায় সাধারণ জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরলস তৎপরতা ও ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং নিরবিচ্ছিন্ন তদন্ত কার্যক্রমে সাধারণ জনগন আশ্বস্ত। সাম্প্রদায়িক উস্কানির সুযোগ নিতে পারছেনা কুচক্রী মহল।
পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরাও এখনো এর কোনো রহস্য উদ্ঘাটন করতে পারিনি। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। তবে এটি কোনো পরিকল্পিত হত্যা নাকি চুরির উদ্দেশ্যে ঘটেছে, সেই বিষয় ধরে আমরা এগোচ্ছি।’
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বলেন, পুলিশ বিভাগ সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে তদন্ত কার্যক্রম নিয়ে সতর্কতার সাথে এগুচ্ছেন। তিন জনকে গভীর পর্যবেক্ষণে রেখেছে পুলিশ। যেকোনো সময় ঘাতক কে বা কারা আমরা সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হব।
তবে সেই তিন জনের পরিচয় জানায়নি মামলার তদন্তকারী অফিসার।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ দৈনিক চাঁদপুর খবরকে বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মোটিভ ও ক্লু উদঘাটনে পিবিআই, ফরেনসিক বিভাগ এবং সিআইডির ক্রাইম সিন টিমের সদস্যরাও তদন্তে কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। দ্রুততম সময়ে অপরাধীরা ধরা পড়বে।
এ দিকে হত্যাকান্ডের ৫ দিনেও কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের একাধিক সংস্থা মাঠে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সন্দেহভাজনদের একেক সময় একেক জনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন প্রশাসন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যেও এক প্রকার অজানা আতংক কাজ করছে।
অবিলম্বে চাঞ্চল্যকর হত্যাকান্ডে প্রকৃত খুনির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চাঁদপুর জেলা কমিটির সভাপতি এডভোকেট বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক এবং জেলা জজ কোর্টের পিপি এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী বলেন, তদন্তের স্বার্থে কয়েকদিন বিলম্ব হলেও প্রকৃত আসামীদের বের করতে গিয়ে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়।
গত শুক্রবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রানী বর্মণের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে স্থানীয় এক নারী ফুল তুলতে গিয়ে ঘরের দরজা খোলা দেখেন। পরে তিনি ঘরের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওইদিন রাতে নিহত দম্পতির মেয়ে রীনা রানী বর্মণ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।



