
ফারুক হোসেন: দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের উপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে চলছে কানামাছি খেলা। আজ উচ্ছেদ তো কাল সেই জায়গায় নতুন করে স্থাপনা তৈরি হয়। দেশের কৃষি অর্থনীতির প্রাণ খ্যাত মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ভূমি দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের দোকানপাট।
২০২২ সালে ২৬ মে সেচ প্রকল্পের উদ্দমদী পাম্প হাউজ থেকে জনতা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয় ৫ হেক্টর ভূমি। কিন্তু ফের ওই জমি বেদখল হয়ে যায় এবং নতুন করে স্থাপনা গড়তে সক্রিয় হয়ে উঠছে দখলদাররা। প্রশাসনের নীরব ভূমিকার কারণেই উদ্ধার হওয়া জায়গায় পুনরায় স্থাপনা নির্মাণ করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে।
জানা যায়, ১৯৮৭-৮৮ অর্থবছরে ১৭ হাজার ৫শ হেক্টর ভূমি অধিগ্রহণ করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্মাণ করা হয়। এতে ৬০ দশমিক ৬১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের এক কর্মকর্তন জানান, ২০২২ সালে প্রকল্পের ৫ হেক্টর ভূমি ও বেড়িবাঁধের উপর নির্মাণাধীন দোকান পাট, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু আবারো দখলদারেরা সেই ভূমি ও দোকানপাট, আবাসন গড়ে তুলে দখলে নিয়েছে।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের অবৈধ দক্ষলকৃত ভূমি উদ্ধার ও বেড়িবাঁধের উপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয় গত বছর সংসদে উপস্থাপন করেছি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, সেচ প্রকল্পের দখল হওয়া ভূমি ও বেড়িবাঁধের উপর এবং ভেতরের নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



