
স্টাফ রিপোর্টার : পরকীয়া প্রেম ও বিয়ের জন্য চাপ দেয়ায় হত্যা করা হয় গোপালগঞ্জের নারী শীলা খানমকে। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের একটি বাগান থেকে শীলা খানমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার রাতে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত তৃতীয় আসামি রফিক গাজীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
এ ঘটনায় হত্যার সাথে জড়িত প্রধান আসামি রাজিব মজুমদার (২১) ও তার সহযোগী বন্ধু মো. কামরুল হাসান হৃদয় (২২) কে গ্রেফতার করেছে চাঁদপুর পিবিআই। মৃত শীলা খানম গোপালগঞ্জ সদর উপজেলার আড়য়া কংশুর গ্রামের মুনছার শেখের মেয়ে।
চাঁদপুর মডেল থানার ওসি মহসিন আলম জানান , প্রধান আসামি রাজীব মজুমদার গোপালগঞ্জের একটি জুয়েলারি দোকানে চাকরির সুবাদে পরিচয় হয় স্থানীয় শীলা খানমের সাথে। পরে তাদের মধ্যে পরকীয়া ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শিলা বেগম তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে রাজীব মজুমদার তাকে চাঁদপুরে নিয়ে আসে এবং তার বন্ধুর সহযোগিতায় শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
মৈশাদী ইউনিয়নের এক নং ওয়ার্ড আদুর খান বাড়ির বাগানে এক নারীর মৃতদেহ পড়ে রয়েছে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামলার প্রধান ও দ্বিতীয় স্বামীকে আটক করে পিবিআই। এর তৃতীয় আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাঁপানিয়া গ্রাম থেকে আটক করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে সে পুলিশের কাছে স্বীকার করে। মামলাটি যেহেতু পিবিআই কাছে হস্তান্তর করায় পরবর্তীতে তৃতীয় আসামি রফিক গাজীকে পিবিআই এর কাছে দেওয়া হয়েছে।



