মতলব উত্তরে চাহিদার অর্ধেকও পাচ্ছে না বিদ্যুৎ : দূর্ভোগে লক্ষাধিক গ্রাহক

ফারুক হোসেন : চাঁদপুর মতলব উত্তরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে এক লক্ষ দুই হাজার গ্রাহক অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ও গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন না।

ভয়াবহ লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। এমন পরিস্থিতিতে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বিদ্যুৎ বিভাগ বলছে, উপজেলার এক লক্ষ ২ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য প্রায় ২৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৭ বা ৮ মেগাওয়াট। ফলে চাহিদার মাত্র তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় এমন লোডশেডিং হচ্ছে।

উপজেলার ঘনিয়াপাড়, তালতলী বালুরচর,গজরা, বাগানবাড়ি, মোহনপুরসহ বিভিন্ন এলাকার বিদ্যুতের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৪ ঘণ্টায় কোনো কোনো এলাকায় গড়ে ১২ ঘণ্টাও বিদ্যুৎ পান না তারা। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ এলেও আবার চলে যায়। এতে অতিরিক্ত গরমে ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে দৈনন্দিন কাজকর্ম করতেও বেগ পেতে হচ্ছে। ব্যাহত হচ্ছে চলমান এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়াশোনা।

ছেংগারচর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মামুন, মারিয়া ও রুজিনা আক্তার জানান, একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এতে তাঁদের পরীক্ষা প্রস্তুতিতে সমস্যা হচ্ছে।

উপজেলার রুহিতার পাড় গ্রামের বাসিন্দা ফখরুল আরম বলেন, কয়েক দিন ধরে রাতে তার এলাকায় প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না। রাতের শেষভাগে বিদ্যুতের দেখা মিললেও সকালে আবার চলে যায়। দীর্ঘক্ষণ পর দুপুরে বিদ্যুৎ এলেও কিছুক্ষণ থেকে আবার চলে যায়।

উপজেলার ঘনিয়াপাড় ইজিবাইক চালক স্বপন মোল্লা জানান, লোডশেডিংয়ের কারণে ঠিকমতো অটোরিকশার ব্যাটারি চার্জ করতে পারছেন না। এতে তাদের আয় কম হচ্ছে।

ছেংগারচর ব্যবসায়ী মানিক খান বলেন, কয়েক দিন ধরে তাঁর এলাকায় লোডশেডিং বেড়েছে। দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।

মতলব উত্তর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শামছুউদ্দিন জানান, উপজেলার এক লক্ষ ২ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য প্রায় ২৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। সেখানে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। যার কারনে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় লোডশেডিং হচ্ছে। পুরো বরাদ্দ পেলে এ সমস্যা থাকবে না।

সম্পর্কিত খবর