গোপালগঞ্জের যুবতী শীলা খানমের লাশ মৈশাদীর জঙ্গল থেকে উদ্ধার

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ২৮ বছর বয়সী এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদুর খান বাড়ির জঙ্গলে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া সরদার বাড়ির মুনসুর খানের মেয়ে শীলা খানমের লাশ পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আদুর খান বাড়ির পল্ট্রি ফার্মের পাশে লাকড়ি কুড়াতে গিয়ে দূর থেকে এক ব্যাক্তি যুবতীর ব্যাগ দেখে পেয়ে কাছে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের জানালে তারা সাথে সাথেই চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে যুবতীর ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিচয় সনাক্ত করেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে সাথে সাথেই ছুটে এসে লাশটিকে চাঁদপুর মর্গে নিয়ে যায় পুলিশ।

মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথেই সেখানে গিয়েছি, মৈশাদীর গ্রাম পুলিশ তাৎক্ষনিক ভাবেই সেখানে গিয়েছে, পুলিশ প্রশাসন আসলে আমরা সার্বিক ভাবে সহযোগীতা করেছি। আইডি কার্ডের মাধ্যমে লাশের সনাক্ত করা হয়েছে। পুলিশ লাশটি চাঁদপুর মডেল থানায় নিয়ে গিয়েছে। গোপালগঞ্জের মেয়ের লাশ এখানে কিভাবে এলো তা এখন সবারই প্রশ্ন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসিন আলম বলেন, খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুরে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জঙ্গলে পাওয়া যুবতীর পড়নে জিন্সের প্যান্ট ও গায়ে কালো রঙ্গের বোরকা ছিল। হত্যান্ডের এমন ঘটনায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে এসময় আশপাশের হাজার হাজার জনতা ভিড় জমান।

সম্পর্কিত খবর