চাঁদপুরে ঘুষ কেলেঙ্কারির দায়ে সরকারি দু’কর্মকর্তাকে শাস্তি দিলেন ডিসি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কর্মক্ষেত্রে দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির দায়ে ইউনিয়ন পর্যায়ে কর্মরত দুজন ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এদের একজন জেলা ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম।

অন্যজন জেলার মতলব উত্তর উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শাহজালাল পাঠান। প্রথমজনকে ভূমি নামজারি করার বিনিময়ে ঘুষ দাবি এবং শেষের জনকে দুর্নীতি ও কর্মক্ষেত্রে অসদাচরণের জন্য। তারমধ্যে আনোয়ারুল আজিমকে সাময়িকভাবে বরখাস্ত এবং বিভাগীয় মামলা। আর শাহজালাল প্রধানকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়।

রোববার (১৩ আগস্ট) রাতে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান এসব তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী আনোয়ারুল আজিমের প্রকশ্যে ঘুষ বাণিজ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গত কয়েকদিন আগে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি মৌজার ২০ শতক ভূমি নামজারিসহ খারিজ করানোর জন্য ৭০ হাজার টাকা ঘুষ চেয়েছেন ওই ইউনিয়ন ভূমি উপসহকারী আনোয়ারুল আজিম। ৪৫ হাজার টাকা নেয়ার পরেও জমির মালিক শহিদুল্লাহ’র কাজ করে দেননি তিনি। পরে ওই ঘটনার গোপন ভিডিওটি তারই এক নিকটাত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন। ফলে বেরিয়ে পড়ে আনোয়ারুল আজিমের অনৈতিক কর্মের এ চিত্র।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, ইউনিয়ন ভূমি সহকারী আনোয়ারুল আজিম জমির খারিজ করার জন্য ৭০ হাজার টাকা দাবি করেন। ভুক্তোভোগী কিছু টাকা কম দিতে চাইলে প্রথমে ১০হাজার পরে আরও ১০ হাজার কমিয়ে ৫০ হাজার টাকায় রাজি হয়।

এদিকে, ভিডিওর সত্যতা বিষয়ে বরখাস্ত হওয়া আনোয়ারুল আজিম বলেন, এবিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে। পরে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর জানান, খারিজের বিষয়ে যে বক্তব্যটি প্রকাশ হয়েছে তা ভিক্তিহীন এবং তার কাগজপত্রের সঙ্গে মিল নাই।

তবে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ বাহাদুর শাহ বলেন, ‘শহিদুল্লাহ মিয়া তার অর্পিত খ-তালিকার জমি ভিপি খারিজের জন্য আবেদন করে। ভিপি খারিজের জন্য আবেদন করলে তার দাখিলকৃত কাগজপত্রের সঙ্গে ভিপি খারিজের মিল নাই , যতটুকু মিল রয়েছে, আমি ততটুকু রিপোর্ট দিয়ে দিয়েছি।

চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার জানান, অভিযোগের বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই আনোয়ারুল আজিমকে সাময়িকভাবে বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এরইমধ্যে বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদন পাওয়া মাত্র তার বিরুদ্ধে জেলা প্রশাসক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। স্থানীয়রা, ইউনিয়ন ভূমি উপসহকারী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে ভুয়া দলিল দেখিয়ে ভিপি সম্পত্তি খারিজ করাসহ নানাভাবে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর