চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

স্টাফ রির্পোটার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫আগস্ট (মঙ্গলবার) কলেজ মিলনায়তনে কলেজের সাহিত্য ও সাংস্কৃতি কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান।

প্রধান অতিথি চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বক্তব্যে বলেন, “১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনীতি, দর্শন, ১৫ই আগস্ট কাল রাত্রি, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি,

বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়। ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথি’।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহাকালের গর্ভ থেকে উঠে আসা সর্ব সময়ের শ্রেষ্ঠ সন্তান। দেশ, মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই তাঁর রাষ্ট্রদর্শনের উৎস। জনগনের রাজনীতি করে গেছেন তিনি। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনে তথা ক্ষুদা দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় জীবনবাজী রেখে কাজ করে গেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী উম্মে হাবিবা, মায়মুনা মাহজাবীন, জান্নাতুল মাওয়া, একাদশ শ্রেনির মানবিক বিভাগের শিক্ষার্থী তাসমিয়া আহমেদ সামিয়া, ফাতেমা নূরে রাহা, নূর হালিজা তৃষা, সানজিদা আক্তার শিমু, তামান্না আক্তার, নাহিদা আক্তার এবং একাদশ শ্রেনির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী সানজিদা ইসলাম।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগের প্রাপ্তি রানী শীল এবং আবৃত্তি করেন একাদশ বিজ্ঞানের ফারহানা শারমিন।

সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক দিবসের কর্মসুচি শুরু হয়।

সকাল সাড়ে ৮টায় জাতীয় শোক দিবস স্মরণে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে অত্র কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীসহ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সকাল সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর পর্যন্ত শোক র্যালিতে অংশগ্রহণ করা হয়। দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১২টায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডে নিহত শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। আলোচনা সভায় অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করে একাদশ শ্রেণির ছাত্রী তানহা মুনকার এবং পবিত্র গীতা থেকে পাঠ করে স্নেহা সিংহ সেতু।

সম্পর্কিত খবর