স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মিজি বাড়ির বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী মোঃ নাছির মিজির বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, এদিন সকাল সাড়ে ১১টায় প্রবাসী নাছির মিজির কাঁঠাল গাছসহ বিভিন্ন সময় মেহগনি, আম, নারকেল গাছসহ নানা প্রজাতির বনজ ও ফলজ অসংখ্য গাছ জোরপূর্বক কর্তন করেছে একই বাড়ির মোঃ মহসিন মিজি ও তার ছেলে রাব্বি মিজি, প্রবাসী নূরুল ইসলাম মিজি, মোখলেছ মিজি ও তার স্ত্রী মৌসুমি বেগম এবং হাসান মিজি। অভিযোগের ভিত্তিতে আরো জানা যায়, প্রতি হিংসার কারনে তারা এসব গাছ নিধন করেন।
প্রবাসী মোঃ নাছির মিজির স্ত্রী ফাতেমা বেগম এ প্রতিবেদককে বলেন, আমরা ২০০৭ সাল থেকে পৌনে পাঁচ শতাংশ জমির উপর বসতবাড়ি করে এখানে বসবাস করে আসতেছি। কিন্তু আশপাশের কয়েকজন ব্যক্তি আমার স্বামী বিদেশে থাকার কারনে তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন লোক দ্বারা আমাদেরকে গালমন্দ করে থাকে। আমি এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।
ঘটনার সত্যতা জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।



