শব্দদূষণবিরোধী অভিযানে চাঁদপুরে ৪ বোগদাদ পরিবহনকে জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : শব্দদূষণ নিয়ন্ত্রণে চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলার ওয়্যারলেস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ও দিপংকর বাড়ৈ।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(১) বিধি লঙ্ঘনের দায়ে চারটি বোগদাদ পরিবহন থেকে মোট ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পাশাপাশি চারটি পরিবহনকে যথাক্রমে ২ হাজার, ২ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল সক্রিয়ভাবে সহযোগিতা করে। এ সময় বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর