
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ঐতিহ্যবাহী দুটি শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা সভা সোমবার (২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের পাশাপাশি বিগত চার বছরের ফলাফল পর্যালোচনা করা হয়।
এ সময় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ফলাফলের বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়। উপস্থাপিত তথ্যে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৬.৬৭ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১০৭ জন শিক্ষার্থী। অন্যদিকে, চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৮৯.৬৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৫৬ জন শিক্ষার্থী। সভায় বিগত পাঁচ বছরের ফলাফলের ধারাবাহিকতা, সাফল্য ও দুর্বলতার দিকগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চাঁদপুরের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষকদের কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাঠদানের মূল কেন্দ্র হতে হবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়েই যথাযথ পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। সভায় উপস্থিত শিক্ষকমণ্ডলীও শিক্ষার মানোন্নয়নে তাঁদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। তাঁরা শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করা, অভিভাবক সমাবেশ জোরদার করা এবং প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম চালু রাখা ও আরও সম্প্রসারণ এবং শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সভায় জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে চাঁদপুরের ঐতিহ্যবাহী এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও এগিয়ে যাবে।



