
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সাংবাদিক মুনির চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গতকাল সোমবার বেলা ১২টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতালের তৃতীয় তলার কেবিনে স্থানান্তর করা হয়।
তাঁর অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। তাঁরা হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কেবিনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, প্রেস ক্লাবের অসুস্থ সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে রয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। তাঁর চিকিৎসার বিষয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতাও করা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
এ সময় তাঁকে দেখতে হাসপাতালে আরও উপস্থিত হন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, সিনিয়র সহসভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
এদিকে, অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীর চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সাংবাদিক মুনির চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



