
স্টাফ রিপোর্টার : দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা ও উন্মুক্ত জলাশয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখালে প্রায় ১ হাজার ৫০০ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুনঃখননকৃত ঐতিহ্যবাহী বিশ্বখালে এ পোনা অবমুক্ত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, জেলার প্রতিটি উপজেলার উন্মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে পোনা অবমুক্ত করা হচ্ছে। বিশ্বখালে ছাড়া এ পোনা পরবর্তীতে খাল ও সংলগ্ন নদীতে ছড়িয়ে পড়বে, যা রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় মাছের উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, “প্রাকৃতিক বৈচিত্র্য ফিরিয়ে আনা এবং মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বখালকে একটি ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের।” সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, বিলুপ্তপ্রায় দেশীয় মাছ সংরক্ষণ ও প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধির লক্ষ্যেই এ পদক্ষেপ। পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার বা খালে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি রোধে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলে তিনি সতর্ক করেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একসময় এখানকার খাল-বিলে প্রচুর দেশীয় মাছ মিললেও নানা কারণে তা কমে গিয়েছিল।
নিয়মিত এমন পোনা অবমুক্ত করা হলে সাধারণ মানুষ যেমন পুষ্টির জোগান পাবে, তেমনি খালটি তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে। অনুষ্ঠানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




