জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম চাঁদপুরের আবু সাঈদ

স্টাফ রিপোর্টার : রাজকীয় সৌদি দূতাবাস আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর বিভাগীয় বাছাইপর্বে ১৫ পারা গ্রুপে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র মো. আবু সাঈদ।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলেদের ১৫ পারা, ছেলেদের ৩০ পারা এবং মেয়েদের ১৫ পারা—এই তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় চাঁদপুর ও কুমিল্লা জেলার যৌথ বাছাইপর্বে ১৫ পারা গ্রুপে অংশ নিয়ে মো. আবু সাঈদ দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় বাছাইপর্বে উত্তীর্ণ হয়।

গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভাগের অন্যান্য প্রতিযোগীকে পেছনে ফেলে ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে আবু সাঈদ। আবু সাঈদ চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস বাজার দর্জি বাড়ি সংলগ্ন চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ব্যাগ তুলে দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিভাগীয় বাছাইপর্ব থেকে প্রতিটি গ্রুপে পাঁচজন করে মোট ১৫ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী ২৮ অক্টোবর ঢাকার বারিধারায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জনের জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন আবু সাঈদের উস্তাদ হাফেজ ক্বারী মাওলানা এনামুল হক।

সম্পর্কিত খবর