
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুর জেলা আশেকে রাসূলগণের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলার নির্দেশক্রমে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়কে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাব হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আশেকে রাসূলের সমন্বয়ক অ্যাডভোকেট রইসুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সমন্বয়ক ও জেলা জিএস গিয়াস উদ্দিন নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাই টিভি, মোহনা টিভি ও চ্যানেল আইয়ের ধর্মীয় আলোচক আশেকে রাসূল হযরতুল আল্লাম মুহাদ্দিস ডা. এমরান হোসেন মাজহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তরের সুজাতপুর খানকায়ে মাহবুবীয়ার খতীব হাফেজ শফিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা হাতিরঝিল বাইতুল নূর জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম চাঁদপুরী।
এ সময় বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আশেকে রাসূলের সহকারী সমন্বয়ক মুজাম্মেল হোসেন শাহীন, সাংবাদিক মহসিন সরদার, আ:মতিন মিয়াজী, সদর উপজেলা সমন্বয়ক রাসুল আহমেদ আকাশ সরকার, উপদেষ্টা এ আর শাহআলম, এ আর আক্তার হোসেন, এ আর হাসেম গাজী, আহমেদ আলী, মুকবুল জমাদার, মুকবুল উকিল, সাংবাদিক সুজন আহমেদ, দাদন মিয়াজী, আল আমিন, জসিম, মনির কাজী, তাফাজ্জল বেপারি, মুকবুল মোল্লা, ইমন, শাওন ও রবিউলসহ বিভিন্ন উপজেলার আশেকে রাসূলগণ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন মানবজাতির জন্য আনন্দ ও পরম সৌভাগ্যের দিন। তাঁর জীবনাদর্শ অনুসরণ এবং ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে তা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শান্তি অর্জন সম্ভব।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




