
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় শাহজাহান পাটোয়ারী প্রকাশ সাজু (৪৭) নামে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটককৃত মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা ও সভাপতি প্রার্থী মোঃ শাকিল গাজী (২৭) কে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাকী আসামীদের আটক করতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। মামলার প্রধান আসামী মোঃ শাকিল গাজী (২৭) ছাত্রদল নেতা ও সভাপতি প্রার্থী। চাঁদপুরের অতিরিক্ত পুুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, প্রধান আসামী মোঃ শাকিল গাজীকে আটকের পরে আদালতে উঠানো হয় । আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেছেন। তার বিরুদ্ধে ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
এছাড়াও মামলার বাকী আসামীগণ হলেন : ১। মোঃ সাজিদ গাজী (২৩), পিতা-মৃত শফিক গাজী। উভয়ের সাং-লোধেরগাঁও, গাজী বাড়ী, ৭নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর। ২। আল আমিন মিজি (২১), পিতা-আব্দুর রাজ্জাক মিজি। ৩। মোঃ আরাফাত মিজি (১৯), পিতা-কালু মিজি। ৪। আব্দুল্লাহ মিজি (২০), পিতা-মৃত আব্দুল মতিন মিজি। ৫। শুভ মিজি (১৯), পিতা-কবির মিজি। সর্বসাং-মান্দারী, ৮নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, থানা ও জেলা-চাঁদপুর। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন।
মামলার বাদী নিহতের বড় ভাই মো. স্বপন পাটোয়ারী, পিতা: মৃত মুকবুল হোসেন পাটোয়ারী, মাতা: হোসনে আরা বেগম সাং: মান্দারী (বশির উদ্দিন পাটোয়ারী বাড়ী), ৮নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ, থানা ও জেলা-চাঁদপুর। তিনি ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে লাঠিসোঁটা নিয়ে যুবকদের কথিত ‘মাদকবিরোধী অভিযানে’ শাহজাহান পাটওয়ারী (৫০) নামের প্রবাসীর মৃত্যুর ঘটনায় শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিহতের ভাই স্বপন পাটোয়ারী ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের নামে চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আটক শাকিলকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে ৫ জুলাই চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই ইউনিয়নের মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে।
তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় রাতেই শাকিল নামে একজনকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আটক শাকিলের পরিবার জানায়, ঘটনার সময় ওই প্রবাসীকে আহত অবস্থায় শাকিলই হাসপাতালে নিয়ে যায়। তাহলে তাকে কেন আটক করা হলো? স্থানীয়দের ভাষ্য, মান্দারী এলাকায় কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ চালান।
এ সময় শাহজাহান পাটওয়ারী এর কারণ জানতে চান। তখন ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর–-কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




