জাতিসংঘ অধিবেশনের সংবাদ সংগ্রহে সাংবাদিক রহিম বাদশার যুক্তরাষ্ট্র গমন

স্টাফ রিপোর্টার : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন এবং ওই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের সংবাদ সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাভিশনের চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক রহিম বাদশা।

তিনি গত রোববার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির পর সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা) নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

সাংবাদিক রহিম বাদশা জানান, নিউইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে গত ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। তবে ২২ সেপ্টেম্বর থেকে অধিবেশনের মূল পর্ব তথা উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হচ্ছে, যা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জাতিসংঘের সূচি অনুযায়ী সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন বলে জানানো হয়েছে।

তিনি আরও জানান, সাধারণ বিতর্ক পর্বের পাশাপাশি প্রতি বছরের মতো এবারও বেশ কিছু উচ্চপর্যায়ের সভা এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিতে পারেন। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক বা আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রধানরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য— **“আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ”**। জাতিসংঘের ইংরেজি প্রতিপাদ্য হলো “Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All”।

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক সংকটের মধ্যে বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন এবং সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ গড়ে তোলার বিষয়টি এবারের অধিবেশনে গুরুত্ব পাচ্ছে। ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ২ জুন ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

সাংবাদিক রহিম বাদশা এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনও কভার করেছিলেন জাতিসংঘের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড পেয়ে। এছাড়া গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্রীয় সফরে ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে যোগ দেন তিনি। এরপর ২০১৮ সালে কানাডায় অনুষ্ঠিত একই জোটের আরেকটি সম্মেলনেও যোগদান করেন।

এর বাইরে সাংবাদিক হিসেবে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো সম্মেলন ও বিশ্ব জলবায়ু সম্মেলন এবং ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদানের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। এছাড়া পেশাগত ও ব্যক্তিগত কাজে ইতিপূর্বে তিনি সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ভুটান ও নেপাল সফর করেছেন।

সাংবাদিক রহিম বাদশা চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটির সভাপতি এবং ২০১৫ ও ২০২১ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। চাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

চাঁদপুর প্রবাহে যোগদানের আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠ, দৈনিক চাঁদপুর দর্পণ, সাপ্তাহিক চাঁদপুর সংবাদ, সাপ্তাহিক চাঁদপুর, সাপ্তাহিক সুদীপ্ত চাঁদপুর, সাপ্তাহিক আমাদের অঙ্গীকার এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, দৈনিক আমার দেশ, দৈনিক আমাদের অর্থনীতি, শীর্ষনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

সাংবাদিকতার ওপর দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বহু প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি। পিআইবি আয়োজিত সাংবাদিক প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি)ও সম্পন্ন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী রহিম বাদশা ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডপ্রাপ্ত সাংবাদিক।

এক প্রতিক্রিয়ায় সাংবাদিক রহিম বাদশা বলেন, দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জাতিসংঘের মিডিয়া অ্যাক্রিডিটেশন নিবন্ধন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিসহ সফরের বিভিন্ন কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে দৈনিক চাঁদপুর প্রবাহ কর্তৃপক্ষকে ধন্যবাদ, আমাকে এই অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য।

তিনি সংবাদ সংগ্রহ ও পরিবেশন এবং সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত খবর