ফরিদগঞ্জে মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে কামরুল ইসলাম রনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবার, দালালি, চাঁদাবাজি ও মানুষকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফরিদগঞ্জ পৌর এলাকা, পাইকপাড়া দক্ষিণ, বালিথুবা পূর্ব ইউনিয়নসহ আশপাশের এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কামরুল ইসলাম রনি কখনো নিজেকে সাংবাদিক, আবার কখনো বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের দাবি, তিনি দালালি ও চাঁদাবাজির পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে আসছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, ওই ব্যক্তির মাদক সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং তার বিরুদ্ধে কথা বললে মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কামরুল ইসলাম রনির কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে। মাদকের বিস্তার রোধে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও বিএনপি নেতা রহমত উল্লাহ, সৌরভ তালুকদার, বোরহান উদ্দিন, পারুল আক্তারসহ স্থানীয়রা। বক্তারা কামরুল ইসলাম রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

সম্পর্কিত খবর