শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মো. মিনহাজ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. মিনহাজ কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা ও কুয়েতপ্রবাসী মো. বেলায়েতের ছেলে। সে টামটা তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়ির সামনের পুকুরে কোনোভাবে পড়ে যায় শিশু মিনহাজ। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুর থেকে মিনহাজকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহত মিনহাজ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে। তার আরও দুই বোন রয়েছে। কুয়েতপ্রবাসী বাবা মো. বেলায়েতের একমাত্র ছেলেকে হারানোর ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।

আদরের সন্তানকে হারিয়ে তার মা-বাবা ও স্বজনরা গভীরভাবে শোকাহত হয়ে পড়েছেন। মিনহাজের আকস্মিক মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সম্পর্কিত খবর