
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং পুরানবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় দুটি পরিদর্শনকালে তিনি প্রাত্যহিক সমাবেশে অংশগ্রহণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
পরে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন জেলা শিক্ষা কর্মকর্তা।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল আরও উন্নত করতে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে তাদের অগ্রগতি মূল্যায়ন করতে হবে। পাশাপাশি শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজন এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়ার বিষয়েও তিনি নির্দেশনা দেন। পরিদর্শনকালে মোহাম্মদ রুহুল্লাহ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন। এসব ল্যাবের ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের পাঠাগার সচল রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত সহপাঠক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং কার্যক্রম জোরদারের নির্দেশনাও দেন জেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়া ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিবন্ধন, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন এবং নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেন তিনি।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ডিবেট ক্লাবের কার্যক্রম জোরদার এবং প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন মোহাম্মদ রুহুল্লাহ। পরিদর্শন শেষে তিনি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, সহপাঠক্রমিক কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।




