কচুয়া জগৎপুর উবি পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, ক্রীড়াসহ পাঠক্রমিক কার্যক্রম সম্প্রসারণসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে বিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও নির্দেশনা দেন, প্রাইমিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ে ক্রীড়া কমিটি গঠন, শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে। এছাড়া মাদকাসক্তি, বাল্যবিবাহ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা, সচেতনতামূলক উদ্যোগ জোরদার এবং অভিভাবকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর