চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় পিআইবির “এআই ও ফ্যাক্ট চেকিং” বিষয়ক প্রশিক্ষণের ২য় দিন আজ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন আজ।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে। প্রশিক্ষণটি চলবে ২৫ জুলাই পর্যন্ত।

আজ শুক্রবার (২৪ জুলাই) দ্বিতীয় দিনের প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আরু সুফিয়ান, প্রোগ্রাম অফিসার (সাকিটিড) ডিজিটাল নিরাপত্তা, এআই-নির্ভর ছবি-ভিডিও শনাক্তকরণ এবং গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সেশন পরিচালনা করবেন।

আগামী কাল (শনিবার ) তৃতীয় দিনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, প্রয়োজনীয়তা, ছবি-ভিডিও যাচাই এবং ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এছাড়া পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সাংবাদিকতার নৈতিকতা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করবেন।

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালার মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি, ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের সক্ষমতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা। তিন দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এআই দিয়ে ছবি ও ভিডিও শনাক্তকরণ, এআই-জেনারেটেড লেখা চিহ্নিতকরণ, গণমাধ্যম সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক অনুশীলন এবং ছবি ও ভিডিও যাচাইয়ের আধুনিক কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আগামী কাল শনিবার (২৫ জুলাই ২০২৬খ্রি.) তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রসঙ্গত , প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র) উদ্যোগে ও চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনী গতকাল বৃহস্পতিবার (২৩জুলাই) সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।

সম্পর্কিত খবর