
স্টাফ রিপোর্টার : টিকটকে পরিচয়, তারপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানেই টাঙ্গাইলের এক শিক্ষকের স্ত্রী চলে আসেন চাঁদপুরে। শেষ পর্যন্ত নিখোঁজ ডায়েরির সূত্র ধরে পুলিশের অভিযানে উদ্ধার হন ওই নারী।
এ ঘটনায় আটক হন অভিযুক্ত অটোচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ইচলী রোড এলাকায় ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে বসবাস শুরু করেন অটোচালক মোরশেদ আলম দুলাল। অভিযোগ রয়েছে, টিকটকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে দুলাল ওই নারীকে চাঁদপুরে নিয়ে আসে। আরও অভিযোগ, ওই নারীর গলার প্রায় এক লাখ টাকার স্বর্ণের চেইন বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করে দুলাল।
এলাকাবাসীর দাবি, এর আগেও এই দুলাল টিকটক ও ফেসবুকের মাধ্যমে একাধিক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে চাঁদপুরে এনে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে আলোচনায় ছিলো। এদিকে স্ত্রী নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইলের দেলদুয়ার থানায় সাধারণ ডায়েরি করেন ওই শিক্ষক। সেই তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাগাদী এলাকা থেকে তাদের দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে টাঙ্গাইল থেকে ওই শিক্ষকের পরিবারের সদস্যরা চাঁদপুরে এসে নারীকে নিজেদের জিম্মায় নিয়ে যান। পুলিশ জানায়, নিখোঁজ সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই নারীকে উদ্ধার করা হয়েছে। তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আর অভিযুক্ত যুবককে তার বোনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে টাঙ্গাইলে এ ঘটনায় মামলা হলে তাকে আবার আটক করে টাঙ্গাইল পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।



