মতলব দক্ষিণে কেএফটি কলেজিয়েট স্কুল আকস্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সোমবার (২০ জুলাই ২০২৬) মধ্যাহ্নে মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম।

পরিদর্শনকালে কেএফটি-হাজী আব্দুল কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্টের চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন। তিনি কেএফটি কলেজিয়েট স্কুলের আধুনিক স্থাপত্যশৈলী, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান কেএফটি কলেজিয়েট স্কুলের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য বজায় রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর