
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার আশিকাটির হাঁপানিয়া গ্রামে চিকিৎসার কথা বলে এক বৃদ্ধ পিতার কাছ থেকে হেবা দলিলের মাধ্যমে ৯৮ শতক জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলে ও তিন মেয়ের বিরুদ্ধে। পরিবারের দাবি, এ ঘটনায় প্রবাসে থাকা বড় ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। তবে অভিযুক্তদের দাবি, তাদের বাবা সুস্থ ও স্বেচ্ছায় সম্পত্তি লিখে দিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের আহাম্মদ খান বাড়িতে। হেবা দলিল করে বসতবাড়িসহ প্রায় ৯৮ শতক জমি নিয়ে সৃষ্টি হয়েছে পারিবারিক বিরোধ। অভিযোগ, প্রবাসে থাকা বড় ছেলে মফিজ খান দেশের বাইরে থাকাকালে ছোট ভাই সুজন খান ও তিন বোন পারভীন বেগম, আয়েশা বেগম এবং জোসনা বেগম বৃদ্ধ বাবার কাছ থেকে হেবা দলিলের মাধ্যমে পুরো সম্পত্তি নিজেদের নামে লিখে নেন।
বড় ছেলে মফিজ খানের অভিযোগ, আমি ২৫ বছর প্রবাসে থেকে পরিবার চালিয়েছি, ভাই-বোনদের দেখাশোনা করেছি। অথচ আমাকে বঞ্চিত করে আমার বাবার সম্পত্তি লিখে নিয়েছে। এখন আমি পরিবার নিয়ে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছি। তারা বাবাকে ঢাকা থেকে বাড়িতে আনার পথে চাঁদপুর শহরের একটি বাসায় দুই দিন আটকে রেখে মানসিক চাপ সৃষ্টি করে বিভিন্ন কাগজে স্বাক্ষর নিয়ে হেবা দলিল সম্পন্ন করেন।
বাবা আব্দুল খালেক খান বলেন , আমাকে ঢাকা থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে বিভিন্ন কাগজে সই করানো হয়। পরে জানতে পারি আমার ৯৮ শতক জমি লিখে নেওয়া হয়েছে। বড় ছেলেকে বঞ্চিত করায় আমি কষ্ট পেয়েছি।
এই প্রতারণার বিচার দাবি করেন। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও কালক্ষেপণ করে অভিযুক্তরা উপস্থিত হননি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চান। এদিকে পরিবার জানিয়েছে, হেবা দলিল বাতিল এবং প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত সুজন খান/পারভীন বেগম: জানান,বাবা সুস্থ অবস্থায় স্বেচ্ছায় আমাদের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। আমরা কোনো প্রতারণা করিনি। বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হবে। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে।



