চান্দ্রায় ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে চলছে অবৈধ মিনি ড্রেজারের রমরমা বাণিজ্য!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ মিনি ড্রেজারের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, অভিযোগ দেওয়ার পরও বন্ধ হয়নি ড্রেজারের কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন সাংবাদিক সুমন বেপারী। চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মদনা গ্রামের বাচ্চু গাজির বিল। স্থানীয়দের অভিযোগ, এখানে মান্নান নামে এক ব্যক্তি মিনি ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছেন।

একই ইউনিয়নের হরিপুর এলাকায় ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহজাহান আরেকটি মিনি ড্রেজার দিয়ে কৃষিজমিতে বালু ফেলে ভরাটের কাজ চলছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় কৃষক আলামিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ড্রেজারের কারণে আশপাশের কৃষিজমি ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বারের প্রভাবে দুটি অবৈধ মিনি ড্রেজার পরিচালিত হচ্ছে। এছাড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাম গাজী বালু বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রতি ঘনফুট বালু ২২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে বলেও দাবি করেন অভিযোগকারীরা।

ড্রেজার মালিক মান্নান তিনি দাবি করেন, ইউনিয়ন বিএনপির সভাপতির সঙ্গে যোগাযোগ করেই ড্রেজার পরিচালনা করা হচ্ছে। তবে ইউনিয়নের অন্য কিছু নেতা বাধা দিচ্ছেন এবং একবার ড্রেজারের পাইপও ভেঙে দিয়েছেন বলে জানান।

এছাড়া ইউনিয়ন ভুমি কর্মকর্তার সাথে যোগাযোগ করেই ড্রেজার চালানো হচ্ছে। অভিযোগ দায়েরের পরও ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন অব্যাহত রয়েছে বলে দাবি স্থানীয়দের। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, অবৈধ ড্রেজার বন্ধ এবং কৃষিজমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর