জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুরে দু’শত ৭৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান

চাঁদপুর খবর রিপোর্ট : সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ২০২৫-২০২৬ অর্থ বছরে চাঁদপুর জেলার বিভিন্ন পেশা ও শ্রেণির অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী নাগরিক এবং সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, চাঁদপুর।

২০২৫-২০২৬ অর্থ বছরে জেলা প্রশাসক, চাঁদপুর এর বিশেষ অনুদান খাত হতে মোট ২৭৯ জন ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানকে সার্বিক সহায়তার অংশ হিসেবে সর্বমোট ২০,১৩,৫০০/- (বিশ লক্ষ তেরো হাজার পাঁচশত) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অসহায় ও প্রান্তিক মানুষকে সহায়তা এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোর স্বভাবিক কর্মকান্ড সচল রাখার মহৎ লক্ষ্য নিয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। জটিল রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তি, শারীরিক প্রতিবন্ধী ভাই-বোন এবং দুস্থ পরিবারের দুর্ভোগ লাঘবে সরাসরি এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। একইসঙ্গে সমাজের ইতিবাচক পরিবর্তন, শিক্ষাবিস্তার ও সাংস্কৃতিক বিকাশে অবদান রাখা বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে এই অনুদানের আওতাভুক্ত করা হয়েছে, যাতে তারা নিরবচ্ছিন্নভাবে মানবসেবামূলক কাজ পরিচালনা করতে পারে।

অনুদান প্রদানকালে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘সরকার ও জেলা প্রশাসন সর্বদা সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর। এই সামান্য অনুদান হয়তো কারও জীবনের সব সংকট এক মুহূর্তে মুছে দেবে না, তবে আশা করি এটি তাদের দুঃসময়ে আশার আলো জ্বালাবে এবং বাঁচার নতুন শক্তি জোগাবে।

সমাজের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে আমরা আন্তান জানাই আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পিছিয়ে পড়া মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।” জেলা প্রশাসন, চাঁদপুর বিশ্বাস করে, একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে রাষ্ট্রীয় সেবার পাশাপাশি মানবিক অনুভূতির জয়গান অপরিহার্য। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণ ও সেবায় জেলা প্রশাসন, চাঁদপুর এর এই মানবিক ধারা অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর