চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চীেধুরী : চাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলার বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, আইনজীবী, জেলা কারাগার, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। রঙিন হেডব্যান্ড ও লিগ্যাল এইডের স্লোগানসংবলিত টি-শার্টে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ (ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল) আমিরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদ ও মো. কামাল হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, সরকারি কৌঁসুলি এ.জেড.এম রফিকুল হাসান, পাবলিক প্রসিকিউটর অ্যাড. কোহিনুর রশিদ এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন চিফ লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আবদুল আলীম। সঞ্চালনা করেন সিভিল জজ (সদর) শম্পা ইসলাম।

এছাড়াও জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। মেলায় বিনামূল্যে আইনগত পরামর্শ, সরকারি খরচে মামলা পরিচালনা এবং কীভাবে আইনগত সহায়তা পাওয়া যায় সে বিষয়ে সাধারণ মানুষকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

সম্পর্কিত খবর