
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব (দফতর) পদ থেকে অব্যাহতি নিয়েছেন মুফতি মাহমুদ হাসান। ব্যক্তিগত ও অনিবার্য কারণ দেখিয়ে তিনি দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) তিনি চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়বদ্ধতার কারণে বর্তমানে তার পক্ষে দলীয় পদের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এজন্য তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি প্রার্থনা করেন।
মুফতি মাহমুদ হাসান দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা কমিটির দফতর কার্যক্রম দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করে আসছিলেন। তার এই পদত্যাগে দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পদত্যাগের পর তিনি জানান, ভবিষ্যতেও তিনি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।



