
চাঁদপুর খবর রিপোর্ট : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তাকে এ পদে বসিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গত বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক সোহেল। তিনি অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক পদে কর্মরত ছিলেন।
এর আগে ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস)। মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করা অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে গত ১৩ এপ্রিল ওএসডি করা হয়।
তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাবেক মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে বি এম আব্দুল হান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে মহাপরিচালক পদে বসিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।



