
স্টাফ রিপোর্টার : একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো কতোটা ভঙ্গুর হলে একজন সাধারণ ‘সহকারী প্রোগ্রামার’ পদমর্যাদার কর্মকর্তা ২০০ কোটি টাকার দুর্নীতির পাহাড় গড়তে পারেন এবং ক্ষমতার প্রতিটি বাঁকে খোলস বদলে অপরাজেয় হয়ে থাকতে পারেন, তা ভাবলে কেবল বিস্মিত নয়, শংকিত হতে হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (ডিওআইসিটি)-এর আনজুম রিয়াসাত কেবল একজন সরকারি কর্মচারী নন, তিনি আমাদের ঘুণে ধরা প্রশাসনিক সিস্টেমের এক জীবন্ত ক্যানসার।
তার উত্থান ও টিকে থাকার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, কীভাবে রাজনৈতিক পরিচয় আর প্রশাসনিক সিন্ডিকেট মিলে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত চারণভূমিতে পরিণত করতে পারে। গিরগিটির মতো রং বদল ও ক্ষমতার অলিন্দে অনুপ্রবেশ যোগদানের পর থেকেই আনজুম রিয়াসাতের ক্যারিয়ার যতোটা না মেধার, তার চেয়ে বেশি ছিল ‘পরিচয়’ আর ‘তদবিরে’র।
তৎকালীন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ‘ভাগিনা’ পরিচয় ব্যবহার করে তিনি আইসিটি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ বলয়ে জায়গা করে নেন। এই পরিচয়ের জোরেই তিনি গুরুত্বপূর্ণ প্রকল্পে অতিরিক্ত দায়িত্ব বাগিয়ে নেন এবং শুরু হয় তার সীমাহীন লুণ্ঠন।
আশ্চর্যের বিষয় হলো, চব্বিশের জুলাই বিপ্লবের পর যখন দেশ এক নতুন সূচনার স্বপ্ন দেখছে, তখনো আনজুমের দাপট কমেনি। তিনি অত্যন্ত চতুরতার সাথে এবার নিজেকে জুলাই আন্দোলনের ‘মেন্টর সাজিয়ে নতুন প্রশাসনের অন্দরে অনুপ্রবেশের চেষ্টা করছেন। রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও আনজুম রিয়াসাতদের মতো সুবিধাবাদীদের ভাগ্য বদলায় না; তারা কেবল তাদের ‘প্রভু’ বদলে নেয়।
দুর্নীতির মহোৎসব ও দুদকের নিরূপায় অবস্থা : জুলকারনাইন সায়ের সামিরের সাম্প্রতিক তথ্য ও দুদকের অনুসন্ধানে যে চিত্র উঠে এসেছে, তা রীতিমতো ভয়াবহ। একজন সহকারী প্রোগ্রামার হয়েও তিনি কীভাবে ২০০ কোটি টাকার মালিক হলেন? অভিযোগ রয়েছে, অধিদপ্তরের কেনাকাটা, টেন্ডার ডকুমেন্ট জালিয়াতি এবং পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি এই বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। দুদক তার বিরুদ্ধে ১২টি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে আইসিটি অধিদপ্তরে চিঠি পাঠালেও রহস্যজনক কারণে সেই চিঠির জবাব মিলছে না।
মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে, অধিদপ্তরের শক্তিশালী সিন্ডিকেট আনজুমকে সুরক্ষা দিচ্ছে। দুদকের তথ্য গোপন করা বা জবাব দিতে দেরি করা মূলত অপরাধীকে পালানোর সুযোগ করে দেওয়ারই নামান্তর। যখন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একজন দুর্নীতিবাজকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায়, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না।
বদলি বাণিজ্য ও কর্মস্থলে অনুপস্থিতির ধৃষ্টতা : প্রশাসনিক নিয়ম অনুযায়ী, বদলি একটি সাধারণ প্রক্রিয়া। কিন্তু আনজুম রিয়াসাতের ক্ষেত্রে বদলি যেন একটি ‘ঐচ্ছিক’ বিষয়। অনিয়মের অভিযোগে তাকে তার মূল কর্মস্থল চাঁদপুর সদর উপজেলায় বদলি করা হলেও তিনি বছরের পর মাস রাজধানীতেই অবস্থান করছেন। মাঝে মাঝে চাঁদপুর গিয়ে হাজিরা খাতায় সই দিয়ে আসা-রাষ্ট্রীয় আইনের সাথে এমন প্রকাশ্য তামাশা করার সাহস তিনি পান কোথায়? বর্তমানে তিনি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে নিজেকে ‘বিএনপিপন্থী’ প্রমাণ করার মিশনে নেমেছেন। লক্ষ্য একটাই-যে কোনো মূল্যে ঢাকায় বদলি হয়ে আসা এবং পুনরায় টেন্ডার বাণিজ্যে সক্রিয় হওয়া। এই কাজে তাকে সহায়তা করছেন তার ঘনিষ্ঠ ব্যাচমেট, যিনি পর্দার আড়ালে থেকে প্রশাসনিক কলকাঠি নাড়ছেন।
প্রাতিষ্ঠানিক সিন্ডিকেট ও সংস্কারের চ্যালেঞ্জ : আনজুম রিয়াসাত কেবল একা নন, তার পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র। একদল কর্মকর্তা যারা একে অপরকে প্রশাসনিক সুরক্ষা দিয়ে যাচ্ছেন। এই সিন্ডিকেট এতোটাই শক্তিশালী যে, তারা সংবেদনশীল জায়গাগুলোতেও নিজেদের লোক বসাতে সক্ষম হয়েছে। একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা যখন সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সংস্থার সাথে যুক্ত হন, তখন তা জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়।
উপসংহার ও কর্তৃপক্ষের প্রতি সওয়াল : বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আনজুম রিয়াসাতদের মতো ‘ভাইরাস’ গুলো পরিষ্কার করা জরুরি। জনসাধারণের পক্ষে আমাদের প্রশ্ন: ১. দুদকের চিঠির জবাব দিতে আইসিটি অধিদপ্তর কেন গড়িমসি করছে? এই বিলম্বের নেপথ্যে থাকা কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে কি? ২. কর্মস্থলে টানা অনুপস্থিত থাকা সত্ত্বেও তার বেতন-ভাতা কোন্ দোহাই দিয়ে সচল রাখা হয়েছে? ৩. মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে যারা বদলি বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে না কেন? ৪. আমরা মনে করি, আনজুম রিয়াসাত একটি পরীক্ষা।
এই সরকার যদি তাকে এবং তার পেছনের সিন্ডিকেটকে ভাংতে না পারে, তবে ‘শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির’-অর্থাৎ দুর্নীতি দমন কেবল কথার কথা হয়েই থেকে যাবে। সময় এসেছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার। কেবল বদলি নয়, তাকে অনতিবিলম্বে সাময়িক বরখাস্ত করে তার সম্পদের হিসাব জনসমক্ষে আনতে হবে। অন্যথায়, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ পথ হারাবে এই পুরোনো দুর্নীতিবাজদের গোলকধাঁধায়।



