
মহসিন হোসাইন : চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা-২০২৬ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ও বিদায়ী সভাপতি মিজানুর রহমান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি বলেন, আপনারা যারা বাল্কহেড ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ব্যবসাটিও সেবামূলক।
তিনি আরও বলেন, আপনারা বালু দিয়ে নালা, খাল-বিল ও বাড়ি করার অনুপযুক্ত জায়গাগুলো উপযুক্ত করে তোলার কারণেই আজকের ঢাকা বসুন্ধরা তৈরি হয়েছে। তৈরি হয়েছে বড় বড় বাড়িঘর, দালান-কোঠা এবং মিল-কারখানা। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেল সংকট সমস্যা নিয়ে সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
পরে তিনি বলেন, সামনে নতুন কমিটি গঠন হবে, সে বিষয়ে নৌ পুলিশের সমর্থন থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে হবে। যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না, সেখানে কোনো কিছুই সফল হয় না। আপনাদের আগামী কমিটির জন্য দোয়া রইল বলে তিনি তার মূল্যবান বক্তব্য শেষ করেন।
চাঁদপুর জেলা কোস্টগার্ড স্টেশনের এমসিপিও (এক্স) মো. মফিজুল ইসলাম বলেন, আপনারা যারা বাল্কহেডের দায়িত্বে রয়েছেন, তাই আপনাদের দায়িত্ব ও কর্তব্য আরও বেশি।
এ সময় তিনি কিছু সমস্যা তুলে ধরে বলেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাল্কহেড চলাচল করে। এতে সঠিক লাইট ব্যবহার করা হয় না, নির্ধারিত গতি মানা হয় না। রাতের অন্ধকারে চলাচলের সময় নিয়ন্ত্রণ মানা হয় না। এসব বিষয় মেনে চলতে বাল্কহেড মালিকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়াও বালুবাহী নৌ-যানকে নিয়ম-কানুন মেনে চলার নির্দেশ দেন তিনি।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজ যারা নতুন কমিটির দায়িত্ব নিয়েছেন, তাদের জন্য এটি আনন্দের হলেও একই সঙ্গে সাংগঠনিক দায়িত্ব বেড়ে গেছে।
এ সময় তিনি জ্বালানি তেল সংকট নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং বলেন, রাষ্ট্রের সরকারি নীতিমালার মেনেই ব্যবসা করতে হবে। প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমবায় অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন, মেরিন অফিসার আশিকুর রহমান, মনির ঢালী, নজরুল ইসলাম, আমিন ফরাজী, হায়াত আলী, মনির ভূঁইয়া, এমদাদ মজুমদার, ইকবাল মজুমদার ও সরোয়ার মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন নাহার ও চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান সমিতির সকল সদস্যগণ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফারুক মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপন সরকার। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিসহ কমিটির সাংগঠনিক দায়িত্বে থাকা সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আব্দুল জলিল।
ক্যাপশন: চাঁদপুরে বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত।



