
হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ই-সেন্টারে নবাগত চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, ডিজেলসহ জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু লোক সংকট বলে প্রচার করছে, আবার অনেকে তেল জমিয়ে রাখার ম্যাসেজ আছে। এ বিষয়ে আমরা আরো কঠোর হবো। তেলের পাম্পগুলোতে মোটরসাইকেলে তেল নিতে হলে গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকতে হবে। জেলার অন্য সকল উপজেলায় সরকারি নিয়মে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। হাজীগঞ্জে নাকি এখনো ৭টায় দোকানপাট বন্ধ হয় না। গ্রামের বাজারগুলোতে একই অবস্থা। বিষয়টি ইউএনও দেখবেন।
তিনি আরো বলেন, আসছে এইচএসসি পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। নকলরোধে শিক্ষকগণ দায়িত্ববান হবেন, আমরা আরো কঠোর হবো। কোনোভাবেই নকলের চিন্তা করা যাবে না।”
হাজীগঞ্জের নানান সমস্যার কথা শুনে সুধীজনের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আরো বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে স্থায়ী দোকানীদের নিয়ে বসতে হবে। আর হকার উচ্ছেদে হকার পুনর্বাসনসহ বিভিন্ন দিকে চিন্তা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে সভায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন ভুলু মুন্সি, নুরুন্নবী সম্রাট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনোয়ার উল্যাহ পাটোয়ারী, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার প্রমুখ।




