
সাইদ হোসেন অপু চৌধুরী : ‘সুরের মূর্ছনায় ঐক্যের সুরে থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত লোকজ সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে ‘তৃতীয় বাঁশি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন প্রথম পর্বের প্রধান অতিথি, ব্যারিস্টার জহির উদ্দিন বাবর। বিকেল ৪টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধনী পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও নাট্যব্যক্তিত্ব শরীফ চৌধুরী, সিইসিসির ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী সামাউন কবির এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক ও জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল হক কমল।
উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার জহির উদ্দিন বাবর বলেন, বাঁশি একটি প্রাচীন লোকজ বাদ্যযন্ত্র, যা প্রাচীন ভারতসহ মধ্য এশিয়ায় কয়েক হাজার বছর আগে থেকে প্রচলিত। সংগীতের এমন গুরুত্বপূর্ণ একটি মাধ্যমকে তুলে ধরার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ-এর প্রাক্তন সহকারী রেজিস্ট্রার ও সমাজসেবক ডা. মোবারক হোসেন চৌধুরী। এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান গোপাল সাহা।
ডা. মোবারক হোসেন চৌধুরী বলেন, এমন সাংস্কৃতিক আয়োজন জ্ঞানের বিকাশ ঘটায় এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ধারায় রাখে। সমাজের ভারসাম্য রক্ষায় সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত জরুরি।
উভয় পর্বে সভাপতিত্ব করেন বাঁশি উৎসবের উদ্যোক্তা, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ রানা এবং সাংবাদিক আশিক খান।
উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৭ জন বাঁশিশিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন প্রখ্যাত বাঁশিশিল্পী হাসান আলী, বরিশালের জুম্মান শরীফ, কুমিল্লার গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জের মো. তফাজ্জল হোসেন শিহাব এবং চাঁদপুরের মো. কামাল হোসেন ও শীতল মজুমদার।
সংগীত পরিবেশন করেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা স্বজন সাহা, কণ্ঠশিল্পী নন্দিতা দাস, সুপ্রতীক দাস এবং সারা তাবাসসুম জীবা।
উৎসবে আগত অতিথি ও বাঁশিশিল্পীদের শুভেচ্ছা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এবারের উৎসব উৎসর্গ করা হয় জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও চাঁদপুরের কৃতি সন্তান প্রয়াত মনোজ আচার্যী-কে।
উৎসবকে ঘিরে বাঁশিভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত ও নৃত্য পরিবেশন অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আশিষ মজুমদার, সংগীত সম্পাদক মো. শাহিন কান, প্রচার সম্পাদক তানভির হোসেন খান, উৎসব কমিটির সদস্য মো. আল আমিন ও কমল চন্দ্র দাস।



