চাঁদপুরে বেশি দামে এলপিজি বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা

মহসিন হোসাইন : চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ এপ্রিল) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ফিসারি গেইট ও বরকন্দাজ সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, ‘দাদন স্টোর’ নামের একটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছে।

এছাড়া প্রতিষ্ঠানটির গ্যাস বিক্রয়ের কোনো বৈধ লাইসেন্স ছিল না এবং মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। একই সঙ্গে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে প্রতিষ্ঠানটি।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক দাদন মিজি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির অঙ্গীকার করেন। অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর